
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে শামসুন্নাহার বেগমের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণে তাঁর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে মঙ্গলবার সকালে ৩৭ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান তাঁর মেয়ে সানজিদা ইসলাম। দুর্ঘটনার পর শুক্রবার বিকেলে শতভাগ দগ্ধ অবস্থায় মারা যান ইফতি সাবা। শনিবার মারা যায় তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরিস রহমান মাহাদ। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভবনের নিচতলায় রাখা এলপিজি সিলিন্ডার থেকে পাইপলাইনের মাধ্যমে ওই ফ্ল্যাটে গ্যাস সরবরাহ করা হতো। রাতে চুলা খোলা থাকা অথবা গ্যাস লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। সকালে চুলা জ্বালানোর সময় সেই জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ইফতি সাবার স্বামী ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক শরীরের ৬ শতাংশ দগ্ধ হন। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।