
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)। আরাফাত স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বরেয়া গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের ঢালাইয়ের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এবং অক্সিজেনের অভাবে তিনি অচেতন হয়ে পড়েন।
তাঁকে উদ্ধারের জন্য স্কুলছাত্র আরাফাত ট্যাংকের ভেতরে নামলে সেও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, তাঁদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও জামাল শেখ নামে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।