প্রতিনিধি 21 November 2026 , 9:29:16 প্রিন্ট সংস্করণ
শুক্রবার দক্ষিণ গাজীরচটের শের আলী মার্কেট এলাকায় তাঁর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন ইসরাফিল হোসেন।
তিনি জানান, এর আগেও ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। তবে অন্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণার সামগ্রী অক্ষত রয়েছে বলে দাবি তাঁর। বারবার এমন ঘটনায় তিনি মানসিকভাবে মর্মাহত।
ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাফিল হোসেন বলেন, “আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। আমি ধামসোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে এসেছি, জনগণের সেবক হতে এসেছি। কিন্তু আমার ব্যানার-ফেস্টুনগুলো যদি এভাবে ছিঁড়ে দেওয়া হয়, তাহলে আমি কীভাবে কাজ করব, কীভাবে প্রচারণা করব?”
তিনি আরও জানান, এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন।
ইসরাফিল হোসেনের দাবি, যারা তাঁর নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে নষ্ট করা কিংবা ছবি বিকৃত করার সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
নির্বাচনী প্রচারণার পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

















